আচমকা বুকে ব্যথা! হাসপাতালে তড়িঘড়ি ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, এখন কেমন আছেন তিনি?

রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাতে হঠাৎ বুকে মারাত্মক ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা তাঁকে কালক্ষেপ না করে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন এবং একাধিক জরুরি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। হাসপাতাল সূত্র সূত্রে জানা গিয়েছে, সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে কোনো ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গান্ধীজয়ন্তী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে শুক্রবার সারাদিন নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন স্পিকার। ব্যস্ততা শেষে রাতে বাড়ি ফেরার পরই হঠাৎ তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও দীর্ঘদিনের আরএসএস কর্মী রথীন্দ্রনাথ বসু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার বিধায়ক হন এবং পরবর্তীতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন। প্রথমবারের বিধায়ক তথা স্পিকারের এই আকস্মিক অসুস্থতার খবরে তাঁর অনুগামী ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
