আজ থেকেই বাড়ল সিএনজির দাম, মধ্যবিত্তের পকেটে কি ফের বড় টান! – এবেলা

এবেলা ডেস্কঃ
মাসের শেষে এক ধাক্কায় প্রতি কেজিতে ৩.৮৯ টাকা বাড়ল সিএনজির দাম। শনিবার সকাল ছটা থেকে এই নতুন দর কার্যকর করেছে সরবরাহকারী সংস্থা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির দাম চড়চড়িয়ে বাড়ার কারণেই মূলত এই মূল্যবৃদ্ধি ঘটেছে। পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানিতে প্রভাব পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
এই দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি চাপ পড়তে চলেছে অটো, ট্যাক্সি ও অ্যাপ ক্যাব চালকদের মতো সাধারণ মধ্যবিত্তের ওপর। নতুন দর অনুযায়ী দিল্লিতে সিএনজির প্রতি কেজির দাম হয়েছে ৮৬.৯৮ টাকা, নয়ডা ও গাজিয়াবাদে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৫৯ টাকা, মিরুটে ৯৫.৪৭ টাকা এবং গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম হয়েছে ৯২.০১ টাকা। উল্লেখ্য, বিগত কয়েক মাসে দফায় দফায় সিএনজির দাম বাড়ায় যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ নিয়ে বাড়তি উদ্বেগের সৃষ্টি হয়েছে।
