জমি দখল করে ৫ কোটির দুর্নীতি! জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে এবার চার্জ গঠন করল ইডি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ তথা প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের সমস্যা আরও বাড়ল। এবার সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার কলকাতার বিশেষ ইডি আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দেদার জমি দখল করেছিলেন শাহজাহান ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। আর সেই দখল করা জমি থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা উপার্জন করা হয়েছিল।
তদন্তকারী সংস্থার দাবি, এই জমি জালিয়াতির মাধ্যমে অভিযুক্তেরা সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা আয় করেছেন, যা আইনত ‘প্রসিড অফ ক্রাইম’ বা দুর্নীতির কালো টাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ইডির এই চার্জ গঠনের ফলে জেলবন্দি শাহজাহানের জামিন পাওয়ার রাস্তা যে আরও কঠিন হলো, তা বলাই বাহুল্য।
