দিল্লিতে দাঁড়িয়ে বড় বার্তা মোদির! ভারতের ডিজিটাল শক্তি ও গণতন্ত্র নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে যোগ দিয়ে ভারতের গণতন্ত্র ও বৈচিত্র্যময় ডিজিটাল মাধ্যমের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্টভাবে জানান, ভারত হলো গণতন্ত্রের জননী, যেখানে মুক্ত চিন্তাভাবনা ও বিতর্কের উপযুক্ত পরিবেশ রয়েছে। দেশের ভাষাগত ও সংবাদমাধ্যমের বৈচিত্র্য তুলে ধরে তিনি জানান, ভারতে ১০০টিরও বেশি ভাষা, প্রায় ৮০ হাজার নিবন্ধিত সংবাদপত্র ও প্রকাশনা এবং ১ হাজারেরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সক্রিয় রয়েছে। এর পাশাপাশি সমাজমাধ্যমের যুগে দেশজুড়ে ৫০ কোটিরও বেশি ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন, যা বর্তমান সময়ে ভারতের অন্যতম বড় ডিজিটাল শক্তি হিসেবে উঠে এসেছে।
দেশের নাগরিকদের ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, সমাজে বিদ্যমান নানা দৃষ্টিভঙ্গি ও খোলামেলা আলোচনার মধ্য দিয়েই ভারতের এই ঐতিহ্য সমৃদ্ধ হচ্ছে। সরকারের মূল লক্ষ্য মানুষকে শাসন ব্যবস্থার ওপর নির্ভরশীল না করে তাদের আরও আত্মনির্ভর ও শক্তিশালী করে তোলা। হাজার বছরের পুরনো ভারতীয় দর্শনের উল্লেখ করে মোদি বলেন, জ্ঞান, সম্পদ ও ক্ষমতার প্রকৃত গুরুত্ব লুকিয়ে রয়েছে তার ব্যবহারের উদ্দেশ্যে। ক্ষমতার এই সঠিক ব্যবহারই সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায় এবং ভারত বর্তমানে সেই পথেই শক্ত হাতে এগিয়ে চলেছে।
