দিল্লির সঙ্গে দৃষ্টিভঙ্গির সংঘাত, বিজেপি ছেড়ে নতুন দল গড়ার ঘোষণা আন্নামালাইয়ের! – এবেলা

দিল্লির সঙ্গে দৃষ্টিভঙ্গির সংঘাত, বিজেপি ছেড়ে নতুন দল গড়ার ঘোষণা আন্নামালাইয়ের! – এবেলা

এবেলা ডেস্কঃ

চব্বিশ ঘণ্টার চরম নাটকীয়তার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়লেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্পষ্ট করে আন্নামালাই ঘোষণা করেছেন যে, তিনি নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন। তাঁর মূল লক্ষ্য তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচন। দলের সর্বভারতীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ৪২ বছর বয়সি এই প্রাক্তন আইপিএস অফিসার স্পষ্ট জানিয়েছেন, তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ ও দৃষ্টিভঙ্গি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর চিন্তাভাবনা মিলছিল না বলেই এই বিচ্ছেদ।

বিজেপি শীর্ষ নেতৃত্বকে লেখা চিঠিতে আন্নামালাই অভিযোগ করেছেন যে, জাতীয় দলগুলি কখনই তামিলনাড়ুর সাধারণ মানুষের ভাষা বা আবেগ বুঝতে পারেনি। গত ১৮ মাস ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হচ্ছিল। তিনি ক্ষোভের সুরে জানান, তামিলনাড়ুর সংস্কৃতি মেনে যেভাবে তিনি রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, তা নিয়ে শীর্ষ নেতৃত্বকে আর নতুন করে বোঝাতে চান না। হুট করে নয়, বরং গত ডিসেম্বর মাসেই তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে মে মাস পর্যন্ত অপেক্ষা করেন।

টিকিট বিতর্ক ও দিল্লির হাইপ্রোফাইল বৈঠক

রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, বিধানসভা নির্বাচনে আন্নামালাইকে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া নিয়েই ক্ষোভের সূত্রপাত। তবে আন্নামালাই নিজে এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি নিজেই নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত দলনেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছিলেন। সূত্রের খবর, আন্নামালাইকে দলে ধরে রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্ব দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু আন্নামালাই নিজের অবস্থানে অনড় থাকেন। আসলে, লোকসভা ভোটের পর আন্নামালাইকে সরিয়ে নয়নার নাগেন্দ্রনকে রাজ্য সভাপতি করার পর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এই নেতার দূরত্ব বাড়ছিল।

ভোটের রাজনীতিতে সম্ভাব্য প্রভাব

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্নামালাইয়ের দলত্যাগ তামিলনাড়ুতে গেরুয়া শিবিরের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় বড়সড় ধাক্কা। দাপুটে এই প্রাক্তন আইপিএস অফিসার অল্প সময়েই তামিল রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তাঁর আক্রমণাত্মক প্রচার শৈলী এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা দলের কর্মীদের চাঙ্গা করেছিল। এবার তাঁর নতুন রাজনৈতিক আন্দোলন এবং আগামী বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা তামিলনাড়ুর ভোট ময়দানে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যা বিজেপির ভোটব্যাংকে সরাসরি থাবা বসাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *