নিজেদের সভাধিপতির বিরুদ্ধেই অনাস্থা এনে দল ভাঙার খেলা তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহ: ছাব্বিশের রাজনৈতিক উত্তাপের মাঝেই মালদহ জেলা পরিষদে বড়সড় ধাক্কা খেল শাসকদল। এবার বাইরে থেকে নয়, বরং তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই বিক্ষুব্ধ সদস্যরা। সোমবার দুপুরে মালদহ ডিভিশনাল কমিশনারের অফিসে গিয়ে সরাসরি অনাস্থার চিঠি জমা দেন তাঁরা, যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তৃণমূলের অন্দরের এই চরম কোন্দল এখন প্রকাশ্যে। জানা গেছে, ৪৩টি আসন বিশিষ্ট মালদহ জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৩৪টি আসন। অর্থাৎ, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেশ মজবুত জায়গাতেই ছিল ঘাসফুল শিবির। কিন্তু দলের ভেতরের সুপ্ত অসন্তোষ সোমবার কার্যত বিস্ফোরণের রূপ নেয়।
মোট ৩৪ জন তৃণমূল সদস্যের মধ্যে ২০ জন সদস্য একজোট হয়ে সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়ব রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা ডাকেন। সংখ্যাগরিষ্ঠ ২০ জন সদস্যই বিদ্রোহ ঘোষণা করায় জেলা পরিষদের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর মালদহ জেলায় নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে তৃণমূলের এই অন্তর্কলহ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
