নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার রাজস্থানের বিওয়াল পরিবারের মেডিকেল পড়ুয়া তরুণী সিবিআইয়ের নজরে! – এবেলা

নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার রাজস্থানের বিওয়াল পরিবারের মেডিকেল পড়ুয়া তরুণী সিবিআইয়ের নজরে! – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)-র প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্তে এবার রাজস্থানের বিওয়াল পরিবারকে কেন্দ্র করে দানা বাঁধছে চরম রহস্য। এই চক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতেরা হলেন দীনেশ, মাঙ্গিলাল এবং দীনেশের ভাইপো বিকাশ। তবে তদন্তকারীদের নজর এখন আটকেছে ওই পরিবারেরই এক তরুণী সদস্যের ওপর, যিনি জয়পুরের এসএমএস মেডিকেল কলেজের শিক্ষার্থী। দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু হওয়ার ঠিক দু-একদিন আগে থেকেই রহস্যজনকভাবে ওই তরুণী এবং দৌসা মেডিকেল কলেজে পড়ুয়া পরিবারের আরও এক সদস্য কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

পড়াশোনায় সাধারণ, তাও একই পরিবারের পাঁচজন ডাক্তারির সুযোগ পেলেন কীভাবে?

তদন্ত যত এগোচ্ছে, ততই বিওয়াল পরিবারের অতীত সাফল্যের খতিয়ান সিবিআই-এর সন্দেহকে আরও জোরালো করে তুলছে। তদন্তে জানা গেছে, গত ২০২৫ সালের নিট পরীক্ষায় এই একই পরিবারের পাঁচজন সদস্য একসঙ্গে পাস করেছিলেন এবং প্রত্যেকেই দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। অথচ, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে তাঁদের একাডেমিক রেকর্ড খতিয়ে দেখে জানা গেছে যে, প্রত্যেকের দ্বাদশের প্রাপ্ত নম্বর ছিল অত্যন্ত সাধারণ মানের। সাধারণ মেধার পড়ুয়ারা কীভাবে এমন একটি কঠিন সর্বভারতীয় পরীক্ষায় একসঙ্গে অভাবনীয় সাফল্য পেলেন, তা এখন সিবিআই-এর মূল আতশকাচের তলায়।

আর্থিক লেনদেন ও প্রশ্ন ফাঁসের বড় সিন্ডিকেটের হদিস

সম্প্রতি জয়পুরে বিওয়াল পরিবারের বাসভবনে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, বিওয়াল পরিবার কেবল পরীক্ষার্থী হিসেবেই নয়, বরং প্রশ্ন ফাঁসের একটি সুসংগঠিত সিন্ডিকেট বা চক্র চালাচ্ছিল। বর্তমানে এই পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী, বিপুল আর্থিক লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁদের যোগাযোগের সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন ফাঁসের এই জাল কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আরও কতজন প্রভাবশালী যুক্ত, তা উদ্ঘাটন করতেই এখন তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *