পাপারাজ্জিদের আপত্তিকর আবদারে ক্ষিপ্ত নীতু কাপুর, সটান দিলেন মুখের মতো জবাব – এবেলা

এবেলা ডেস্কঃ
তারকাদের ঘিরে পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ এবং অনবরত চেঁচামেচি নতুন কিছু নয়, তবে সাম্প্রতিককালে অভিনেত্রীদের শারীরিক অঙ্গবিশেষে ক্যামেরা তাক করার প্রবণতা মারাত্মক রূপ নিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় এমনই এক চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। একটি প্রতিষ্ঠান থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময় ছবিশিকারিরা তাঁকে পিছন ফিরে পোজ দেওয়ার আবদার করেন। তারকাদের অস্বস্তিতে ফেলা এই ধরনের সংস্কৃতি নিয়ে এর আগে একাধিক উঠতি ও নামজাদা অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করলেও, এবার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন কাপুর বধূ নিজেই।
পাপারাজ্জিদের এমন আপত্তিকর অ্যাঙ্গেল এবং অনুচিত প্রস্তাব শুনে মুহূর্তের মধ্যে রেগে আগুন হয়ে যান নীতু কাপুর। তিনি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুঁড়ে দেন, তাদের পিছন দিকটা কেন এত পছন্দ। বর্ষীয়ান এবং স্বনামধন্য এই অভিনেত্রীর মুখ থেকে এমন সরাসরি ও অপমানজনক কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত ছবিশিকারিরা চরম অস্বস্তিতে পড়ে যান। এরপরই তিনি দ্রুত গাড়িতে উঠে পড়ে দরজা বন্ধ করে দেন। নীতু কাপুরের এই প্রতিক্রিয়া এবং পাপারাজ্জিদের অনভিপ্রেত আচরণের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
