ফাইনালে ওঠার মহালড়াই, গুজরাত বনাম রাজস্থান ম্যাচে কি বৃষ্টির কাঁটা, রইল আবহাওয়ার মেগা আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। মুল্লানপুরের এই ডু অর ডাই ম্যাচে জয়ী দল আগামী ৩১ তারিখ মেগা ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শুভমান গিল বনাম রিয়ান পরাগের এই মেগা ফাইট ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। একদিকে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে হেরে ঘুরে দাঁড়াতে মরিয়া গুজরাত, অন্যদিকে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ফর্মে ভর করে ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে প্রস্তুত রাজস্থান।
পরিসংখ্যানে এগিয়ে গুজরাত, ছন্দে রাজস্থান
আইপিএলের ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। এখন পর্যন্ত খেলা ১০টি ম্যাচের মধ্যে গুজরাত জিতেছে ৭টি ম্যাচে এবং রাজস্থান রয়্যালসের ঝুলিতে গিয়েছে মাত্র ৩টি জয়। তবে চলতি মরশুমে রাজস্থানের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিং ফর্ম গুজরাত শিবিরের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে, গত ৫ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে শুভমান গিলের গুজরাত। কোয়ালিফায়ার ১-এর ব্যাটিং ও বোলিং বিভাগের ভুলত্রুটি শুধরে নিয়ে এই ম্যাচে অলআউট ঝাঁপানোর প্রস্তুতি নিয়েছে তারা।
কেমন থাকবে মুল্লানপুরের পিচ ও আবহাওয়া
এই মরশুমে মুল্লানপুরের পিচ মূলত ব্যাটারদের স্বর্গরাজ্য হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২০০ রান ছাড়িয়ে যাচ্ছে। পিচে ভালো বাউন্স থাকায় স্ট্রোক মেকাররা শুরু থেকেই সুবিধা পাবেন। তবে শুরুর দিকে নতুন বলে ফাস্ট বোলাররা কিছুটা সাহায্য পেতে পারেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির (ডিউ) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে, যার ফলে টস জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আবহাওয়ার পূর্বাভাস। ম্যাচ চলাকালীন মুল্লানপুরের আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়া বা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই। ফলে দর্শক ও দুই দলই একটি পূর্ণাঙ্গ এবং হাই-ভোল্টেজ ম্যাচ উপভোগ করতে পারবে।
