বঙ্গোপসাগরে আরও ঘনীভূত শক্তিশালী নিম্নচাপ, প্রবল দুর্যোগে কি ভাসতে চলেছে রাজ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি ক্রমাগত শক্তি বৃদ্ধি করে ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চরম ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে জারি থাকবে কমলা সতর্কতা। একাধিক জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দুর্যোগ আরও মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাতের মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে পুরো সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি রাখা হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে আবহাওয়ার চরম অস্থিরতা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
