ভোটার তালিকা থেকে নাম বাদ? বড় সুযোগ দিয়ে ঘরে ঘরে আসছেন বিএলও-রা!

ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়া দেশের ২০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ও বিহার সহ সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে ভোটার তালিকা থেকে ভুলবশত বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকরা নতুন করে নাম তোলার বিরাট সুযোগ পাচ্ছেন। বুথ লেভেল অফিসার বা বিএলও-রা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ভোটারদের চিহ্নিত করবেন।
এই বিশেষ অভিযানে বিএলও-রা আগের ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মিলিয়ে দেখবেন এবং যোগ্য অথচ তালিকাভুক্ত না থাকা ব্যক্তিদের চিহ্নিত করবেন। ঘটনাস্থলেই ফর্ম-৬ পূরণ করিয়ে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, ১৮ বা ১৯ বছর বয়সি নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং ফর্ম-৮-এর মাধ্যমে তথ্য সংশোধনের সুযোগও মিলবে। সংগৃহীত ও সংশোধিত এই তালিকা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।
