ভোটের লড়াইয়ে সামিল দৃষ্টিহীনরাও, ব্রেইল পদ্ধতিতে ছাপা হচ্ছে বিশেষ ভোটার স্লিপ!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দৃষ্টিহীন ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সহজতর করতে এবার ব্রেইল পদ্ধতিতে বিশেষ ভোটার স্লিপের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এই নতুন উদ্যোগের ফলে ভোটাররা স্পর্শের মাধ্যমেই প্রার্থীদের নাম, বয়স ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এর আগে ইভিএম মেশিনে ব্রেইল নির্দেশিকা থাকলেও, প্রথমবারের মতো ভোট দেওয়ার আগেই ভোটার স্লিপ পড়ে জানার সুযোগ পাচ্ছেন দৃষ্টিহীন নাগরিকরা, যা তাদের অন্যের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমিয়ে দেবে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য এই কর্মযজ্ঞ বাস্তবায়নে বেহালা, বারুইপুর ও নরেন্দ্রপুরের তিনটি ব্রেইল প্রেস কাজ করছে। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্রেইল প্রেস ১৯৩টি কেন্দ্রের স্লিপ তৈরির দায়িত্ব পেয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য গড়ে ২০০ থেকে ২৫০টি স্লিপ তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। নির্দিষ্ট সময়ে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ সাময়িকভাবে বন্ধ রেখে কর্মীরা অতিরিক্ত সময় দিচ্ছেন এবং শুক্রবার থেকেই প্রতিটি কেন্দ্রে এই স্লিপ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
