মদের বোতলের QR কোডই ফাঁস করল খুনের রহস্য!

উত্তরপ্রদেশের আগ্রায় গত ১ এপ্রিল থেকে নিখোঁজ লোকেন্দ্র নামক এক ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে লোকেন্দ্রকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পড়ে থাকা একটি মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে খুনের কিনারা করেছে পুলিশ। ওই বোতলের সূত্র ধরে মদের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই সন্দেহভাজন মহেশ ও ধর্মবীরকে শনাক্ত করা হয়।
জেরার মুখে অপরাধীরা স্বীকার করেছে, নিহত লোকেন্দ্রর স্ত্রীর সাথে মহেশের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, মদ খাওয়ানোর অছিলায় লোকেন্দ্রকে নির্জন মাঠে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহের পরিচয় গোপন করতে তাতে আগুন দেওয়া হলেও, নিহতের হাতের উলকি (ট্যাটু) দেখে পরিবার মৃতদেহ শনাক্ত করে। ডিজিটাল তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে লোকেন্দ্রর স্ত্রী, তাঁর প্রেমিক এবং সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে।
