তামিলনাড়ুতে ধরা পড়ল এক লাখের ইমানি অপরাধী, ফাঁস হবে নয়ডা সহিংসতার গোপন রহস্য!

উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা ছড়ানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী আদিত্য আনন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক এই আসামির মাথার ওপর এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। নয়ডার ফেস-টু এলাকায় শ্রমিক বিক্ষোভের আড়ালে সহিংসতা ও উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা আদিত্য আনন্দকে ধরতে ইলেকট্রনিক নজরদারি ও কারিগরি প্রযুক্তির সহায়তা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই গ্রেপ্তারের ফলে শ্রমিক অসন্তোষের আড়ালে সক্রিয় কোনো শক্তিশালী সিন্ডিকেট বা নাশকতামূলক নেটওয়ার্কের তথ্য উন্মোচিত হতে পারে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সহিংসতার মূল উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
