মাঝরাতে পাঁচিল টপকে ঢুকল পুলিশ! বাগানে পুরসভার নথি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পুরপ্রধান – এবেলা

মাঝরাতে পাঁচিল টপকে ঢুকল পুলিশ! বাগানে পুরসভার নথি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পুরপ্রধান – এবেলা

এবেলা ডেস্কঃ

অশোকনগর: গভীর রাতে নিজের বাড়ির বাগানে পুরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনায় শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূলী পুরপ্রধান প্রবোধ সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশকে পাঁচিল টপকে তাঁর বাড়ির ভেতরে ঢুকতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুরপ্রধানের বাড়ির বাগানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান স্থানীয় বিজেপি নেতারা। তাঁরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পুরপ্রধান প্রবোধ সরকার। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়।

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনো উপায় না পেয়ে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। বেগতিক বুঝে পরে বাইরে এসে পুরপ্রধান দাবি করেন, তিনি কেবল বাগানের শুকনো পাতা পোড়াচ্ছিলেন।

দুর্নীতির প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা?

পুরপ্রধানের এই শুকনো পাতার তত্ত্ব অবশ্য মানতে নারাজ বিরোধীরা। বিজেপির স্পষ্ট অভিযোগ, শুকনো পাতা নয়, আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত কেলেঙ্কারি ও পুরসভার নানাবিধ দুর্নীতির প্রমাণ মুছতেই মাঝরাতে সরকারি নথিপত্র ও পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল।

বিজেপির করা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই পুরপ্রধানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ। ঠিক কী কী নথি পোড়ানো হয়েছে এবং এর পেছনে কী বড়সড় দুর্নীতি লুকিয়ে রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মাঝরাতের এই হাইভোল্টেজ ড্রামাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ব্যাপক শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *