যন্তর মন্তরে পেলেট গান থেকে ৭ রাউন্ড ছররা! দিল্লির বিক্ষোভে পুলিশি হিংসার বিস্ফোরক তথ্য ফাঁস – এবেলা

যন্তর মন্তরে পেলেট গান থেকে ৭ রাউন্ড ছররা! দিল্লির বিক্ষোভে পুলিশি হিংসার বিস্ফোরক তথ্য ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়নের অভিযোগ ঘিরে পারদ আরও চড়ল। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভে পেলেট গান থেকে ছররা ছোড়ার অভিযোগ প্রথমে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। তবে সাম্প্রতিক তদন্তে যা উঠে এসেছে, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে।

প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যাচ্ছে, ছররা গুলিতে একাধিক বিক্ষোভকারী জখম হওয়ার ঘটনার পর সিআরপিএফ (CRPF) এবং দিল্লি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। আর সেই প্রাথমিক তদন্তেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, ফাঁকা বা এক-দু’রাউন্ড নয়; দিল্লির কনট প্লেস এলাকায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা RAF-এর এক জওয়ান বিক্ষোভকারীদের লক্ষ্য করে অন্তত সাত রাউন্ড পেলেট গান বা ছররা গুলি চালিয়েছিলেন! এর মধ্যে পাঁচ রাউন্ড সরাসরি বিক্ষোভকারীদের গায়ে গিয়ে লাগে এবং বাকি দু’রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে।

হাসপাতালের নথিতে পেলেট গানের উল্লেখ

ককরোচ জনতা পার্টি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পেলেট গানের হামলায় মোট তিনজন গুরুতর জখম হন। আহতদের মধ্যে রয়েছেন গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ২৫ বছরের যুবক ইরশাদ শেখ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহিল লোচাব এবং ‘আউটলুক’ ম্যাগাজিনের ২৮ বছরের এক সাংবাদিক। ঘটনার পর তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আন্দোলনকারীদের দাবি, সরকারি সফদরজং হাসপাতালে ভরতি থাকা আহতদের চিকিৎসা সংক্রান্ত নথিতে (Treatment Sheet) স্পষ্টভাবে পেলেট জখমের কথা উল্লেখ রয়েছে।

লগ এন্ট্রিতে মিলল চাঞ্চল্যকর প্রমাণ

দিল্লি পুলিশ প্রথম থেকেই পেলেট গান ব্যবহারের কথা অস্বীকার করলেও, সিআরপিএফ-এর একটি সূত্র অন্য কথা বলছে। জানা গিয়েছে, ঘটনার দিন আরএএফ-এর জওয়ানরা যখন ডিউটিতে যান, তখন তাঁদের অস্ত্র ও গুলির লগ এন্ট্রি করা হয়েছিল। সেই রেজিস্টার খতিয়ে দেখা গেছে, এক নির্দিষ্ট জওয়ানকে একটি পেলেট গানসহ মোট সাত রাউন্ড ছররা দেওয়া হয়েছিল। কিন্তু ডিউটি শেষে ওই জওয়ান বন্দুকটি ফিরিয়ে দিলেও, একটিও ছররা গুলি ফেরত দেননি!

প্রাথমিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকেই নিট আন্দোলনের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *