‘যা করেছি, বেশ করেছি, কোনও নাম নিশানা থাকবে না!’ রাস্তার নাম বদল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

‘যা করেছি, বেশ করেছি, কোনও নাম নিশানা থাকবে না!’ রাস্তার নাম বদল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: পার্ক সার্কাসের সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’ করা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে সোমবার এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করে কড়া বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, আগামী দিনে রাজ্যের আরও বেশ কিছু রাস্তার নাম বদল হতে চলেছে।

কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাসের রাস্তার নাম বদল নিয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং কড়া সুরে শুভেন্দু অধিকারী বলেন, “যা করেছি। বেশ করেছি। কোনও নাম নিশানা থাকবে না। আরও যা আছে, সেগুলো করব। স্বামী বিবেকানন্দের নামে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তা হবে।”

এর আগে রবিবারই কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্তের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর এটাই সঠিক সময়।

৯৩ বছর পর নাম বদল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট:

  • সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের ইতিহাস: ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যর হাসান সোহরাওয়ার্দির নামে পার্ক সার্কাসের এই রাস্তার নামকরণ করেছিল কলকাতা পৌরনিগম। তাঁর ভাইপো হুসেন শাহীদ সোহরাওয়ার্দি ছিলেন ১৯৪৬ সালের কুখ্যাত ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর অন্যতম খলনায়ক।
  • গোপাল পাঁঠার অবদান: ১৯৪৬ সালের সেই ভয়াবহ দাঙ্গার সময় হিন্দুদের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রেখে রুখে দাঁড়িয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’।

গত বছর অগস্ট মাসে তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ মৃতদের স্মরণে পদযাত্রায় অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেবার তাঁর হাতে ছিল গোপাল পাঁঠার ছবি এবং তিনি একটি মূর্তিরও উন্মোচন করেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর আসনে বসে সেই সোহরাওয়ার্দির নাম চিরতরে মুছে ফেলে প্রকৃত রক্ষাকর্তা গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ করে রাজ্য সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *