যাদবপুরে রাতভর তুলকালামের পর প্রো-ভিসিকে ঘিরে তুমুল বিক্ষোভ, কেন রক্ষাকবচ পেলেন না পড়ুয়ারা – এবেলা

এবেলা ডেস্কঃ
বুধবার রাতে জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জিবি মিটিং ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবিভিপি প্রতিবাদ জানালে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে এবিভিপির বিশ্ববিদ্যালয় সভাপতি নিখিল দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং অরবিন্দ ভবনের সামনে পোস্টারে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার দিনভর ক্যাম্পাসে চরম উত্তেজনা বজায় থাকে।
এই অশান্তির রেশ ধরে রাতের ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে ঘিরে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। উপাচার্য উপস্থিত না থাকায় তিন নম্বর গেটের সামনে তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা চালান। অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ক্যাম্পাসে পুলিশ পিকেটের দাবি জানানোর পাশাপাশি মোট ২২ জনের গ্রেপ্তারি, নিখুঁত পুলিশি ও বিশ্ববিদ্যালয় স্তরের তদন্ত কমিটি গঠন এবং রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি এখনো অত্যন্ত থমথমে।
