“রক্তাক্ত করেছিলেন ফরোয়ার্ড ব্লকের গুন্ডারা”, শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে সোচ্চার বঙ্গ বিজেপি সভাপতি – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লককে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে নেতাজিকে নিয়ে দলের সাংসদ অনন্ত মহারাজের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি-র অবস্থান স্পষ্ট করেন তিনি।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডায়েরির প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, অতীতে ফরোয়ার্ড ব্লকের কর্মীরাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত করেছিল। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি জানান, কলকাতা কর্পোরেশনে নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কথোপকথন হয়েছিল, তা ডায়েরিতে নথিভুক্ত রয়েছে এবং তিনি যা বলেছেন অত্যন্ত সচেতনভাবেই বলেছেন।
অন্য দিকে, অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে শমীকবাবু জানান, প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে নেতাজির স্থান অনন্য। তিনি বলেন, নেতাজিকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত হতে না হতো, তবে তিনি দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে দেশভাগ আটকে দিতে পারতেন। নেতাজি বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন এবং তিনি উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। সবশেষে তিনি আশ্বাস দেন, অনন্ত মহারাজের মন্তব্যে যদি সাধারণ মানুষের আবেগ আহত হয়ে থাকে, তবে দল বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
