রাজ চক্রবর্তীর গলা নকল করে প্রতারণা! নায়ক হতে গিয়ে খোয়ালেন লাখ লাখ টাকা? – এবেলা

রাজ চক্রবর্তীর গলা নকল করে প্রতারণা! নায়ক হতে গিয়ে খোয়ালেন লাখ লাখ টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

সিনেমায় নায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে সাইবার প্রতারণার জালে ফেঁসে সর্বস্বান্ত হলেন দক্ষিণ কলকাতার এক যুবক। টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করে তাঁকে ফোন করা হয় এবং সিনেমায় অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় দুই লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চাঞ্চল্যকর প্রতারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠস্বর হুবহু নকল করা হয়েছিল। একটি নামী প্রযোজনা সংস্থার নামে খোলা ভুয়ো ফেসবুক পেজের মাধ্যমে এই অভিনব ফাঁদ পাতা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐতিহাসিক চরিত্রের নতুন সিনেমায় সুযোগ পাওয়ার আশায় ওই যুবক যোগাযোগ করলে তাঁকে একটি ভুয়ো নম্বর দেওয়া হয়। এরপর এনরোলমেন্ট ও প্রোফাইল শুটের নাম করে বিভিন্ন অজুহাতে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে মোট দুই লক্ষ টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়। বিশ্বাস অর্জন করতে হোয়াটসঅ্যাপে ভুয়ো চুক্তিপত্র ও নথিও পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা বুঝতে পেরে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে পুরো চক্রটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *