শিল্ড জিতেই চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা! “৫ গোল হজম করিনি,” লাল-হলুদকে হুংকার মোহনবাগান সভাপতির – এবেলা

শিল্ড জিতেই চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা! “৫ গোল হজম করিনি,” লাল-হলুদকে হুংকার মোহনবাগান সভাপতির – এবেলা

এবেলা ডেস্কঃ

আইএফএ (IFA) শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরেই উত্তপ্ত কলকাতা ময়দান। ডার্বি জয়ের পর লাল-হলুদ শিবিরকে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রীতিমতো ব্যঙ্গের সুরে বলেন, “আজকে তো আমরা ৫-০ গোলে হেরেছি, দিনটা খুব দুঃখের!”

সেমিফাইনালে নর্থ-ইস্টকে ৭-২ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই দাপুটে পারফরম্যান্স দেখে অনেকেই ফাইনালে মোহনবাগানের বড় হারের পূর্বাভাস দিয়েছিলেন। সেই জল্পনাকেই এ দিন একহাত নেন দেবাশিস। পাশাপাশি, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের নাম না করেই তিনি বলেন, “ময়দানের এক শীর্ষকর্তার মুখের কথা কেড়েই বলছি— আজ মোহনবাগান মাঠের ভেতরেই ফুটবলের মাধ্যমে মাস্তানি করে দেখিয়েছে। প্রমাণ করে দিয়েছে যে মাঠে নেমে কীভাবে মাস্তানি করতে হয়।” অন্তত তিন গোলে জেতা উচিত ছিল বলে দাবি করলেও, এক গোলের জয়েই তিনি যথেষ্ট উচ্ছ্বসিত।

চলতি মরশুমে কলকাতা লিগ ও শিল্ড—দুটি ট্রফিই ঘরে তুলেছে সবুজ-মেরুন। ডুরান্ড কাপে রানার্স হওয়া প্রসঙ্গে দেবাশিস দত্তের আক্ষেপ, “ডুরান্ডে জোর করে নর্থ-ইস্টে খেলতে না পাঠালে, ক্লান্তির অভাবে ওই ট্রফিটাও আমরাই জিততাম।” চোট ও বিশ্রামের কারণে মনবীর, আপুইয়া এবং মিগুয়েলের মতো প্রথম সারির ফুটবলাররা না থাকা সত্ত্বেও দলের এই জয়ে হেড কোচ হোসে পানোসের নিখুঁত স্ট্র্যাটেজির ভূয়সী প্রশংসা করেন তিনি। আইএসএলের (ISL) আগে দলের আক্রমণভাগ নিয়ে আশাবাদী মোহনবাগান সভাপতি জানান, ম্যাকলারেন বা মিগুয়েলের মতো ফুটবলাররা স্ট্রাইকার লি এরউইনের পাশে থাকলে আগামী দিনে আরও বিধ্বংসী ফুটবল খেলবে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *