ষড়যন্ত্রের শিকার হুমায়ুন কবীর! ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে হাইকোর্টে চাঞ্চল্যকর আবেদন

ভোটের মুখে স্টিং ভিডিও বিতর্ক নিয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া জনসেবা পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীর। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে মামলা দায়ের করেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা এবং এর নেপথ্যে থাকা চক্রীদের চিহ্নিত করে অবিলম্বে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আদালতে দাখিল করা আবেদনে হুমায়ুন কবীর দাবি করেছেন, রাজনৈতিকভাবে তাঁকে পর্যুদস্ত করতেই পরিকল্পিতভাবে এই ভিডিও তৈরি ও ভাইরাল করা হয়েছে। নির্বাচনের ঠিক প্রাক্কালে এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠা এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে আগামী ২২ এপ্রিল। আদালতের নিরপেক্ষ তদন্তের নির্দেশের ওপরই এখন এই বিতর্কের ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রভাব নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
