সংসদে বিজেপিকে তুলোধোনা কল্যাণের, তোপের মুখে গেরুয়া শিবির!

সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় বিজেপি সরকারের নারী প্রতিনিধিত্বের হার নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, বিজেপির লোকসভায় নারী সাংসদের হার ১২.৯১ শতাংশ এবং রাজ্যসভায় ১৬.৯৮ শতাংশ, যা যথেষ্ট নয়। এর বিপরীতে তৃণমূল কংগ্রেসের নারী সাংসদ প্রতিনিধিত্বের হার লোকসভায় ৩৯.২৮ শতাংশ এবং রাজ্যসভায় ৪৬.১ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, ২০১১ সালে পশ্চিমবঙ্গের স্থানীয় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫০ শতাংশ আসন সংরক্ষণের উদ্যোগকে দেশের জন্য মাইলফলক বলে তিনি তুলে ধরেন।
মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানালেও এই বিলের সঙ্গে ডি-লিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে ডি-লিমিটেশন ছাড়া ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার দাবি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অর্ধেক আসনে নারী প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ জানান। পাশাপাশি, রাজনৈতিক ফায়দা ও নির্বাচনী সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
