১১ বছরের নাবালিকাকে নৃশংস নির্যাতন, অভিযুক্তের ফাঁসির দাবিতে ফুঁসছে ক্ষুব্ধ গ্রামবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ
ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে। ঘটনাটির সূত্রপাত চলতি মাসের ১৩ তারিখে, যখন স্থানীয় বিবাহিত যুবক রাম প্রসাদ সরকারের বিরুদ্ধে ওই নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বার্নিশ বাঁধের সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এই মর্মান্তিক ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডায়েরির ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও এলাকায় থমথমে পরিস্থিতি বজায় রয়েছে এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদীদের ক্রমাগত ভয়ভীতি ও থানায় গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এলাকার নিরাপত্তাহীনতা দূর করতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা বসানোর কঠোর দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলার এই অবনতির আবহে দ্রুত সুবিচারের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় অধিবাসীরা।
