১৮ প্রাণ যাওয়ার পর ঘুম ভাঙল প্রশাসনের! ২৪ ঘণ্টায় সিল হচ্ছে শহরের ৯ গেস্ট হাউস – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে মাত্র দু’দিনের ব্যবধানে দুটি পৃথক হোটেলের আগুনে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। অগ্নি নিরাপত্তা বিধি ভঙ্গের গুরুতর অভিযোগে কলকাতার মির্জা গালিব স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তোরাঁকে শো-কজ নোটিস পাঠিয়েছে দমকল বিভাগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন তাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ বা সিল করে দেওয়া হবে না, সরাসরি তার জবাব চাওয়া হয়েছে।
দমকলের ডিজি অনুজ শর্মা জানান, পরিদর্শনকালে এই ১৩টি প্রতিষ্ঠানে মারাত্মক ত্রুটি ধরা পড়ে। এর আগেও একাধিকবার সতর্ক করা হলেও তা অমান্য করা হয়েছিল। তারাপীঠের ঘটনার পর বুধবার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনে ৯ জনের মৃত্যু হলে লালবাজার ও দমকল কড়া অবস্থান নেয়।
এই ঘটনার তদন্তে পুলিশ সিট (SIT) গঠন করেছে। মূল অভিযুক্ত হোটেল মালিক বীরেশ্বর মিত্র বর্তমানে পলাতক হলেও তাঁর সহযোগী আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একটি হোটেলের দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
