অফিসারদের বদলি নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, বহাল রইল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত!

রাজ্যের কয়েকশো আধিকারিককে একযোগে বদলি করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে কমিশনের এই প্রশাসনিক রদবদলে তারা কোনো বাধা দেবে না। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতার ভেতরেই এই পদক্ষেপ নিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্য সরকারের করা চ্যালেঞ্জ কার্যত খারিজ হয়ে গেল।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণ করেন যে, নির্বাচনের আগে স্বচ্ছতা বজায় রাখতে এমন প্রশাসনিক বদলি কোনো নতুন ঘটনা নয়। রাজ্য প্রশাসনের সঙ্গে কমিশনের আস্থার অভাব থাকায় আদালতকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। রাজ্যের পক্ষ থেকে মুখ্যসচিবসহ উচ্চপদস্থ আধিকারিকদের বদলির বিষয়ে আপত্তি জানানো হলেও আদালত তা গ্রহণ করেনি। উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই কমিশন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি ২৬৭ জন বিডিও এবং থানার ওসি-সহ কয়েকশো আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছিল। আদালতের এই রায়ের ফলে ভোটের মুখে কমিশনের প্রশাসনিক ক্ষমতা সুনিশ্চিত হলো।
