“আমার শুধু ভাতার টাকাটুকুই চাই!” অ্যাকাউন্টে ৩৩ কোটি দেখে আতঙ্কে সৎ পরিচারিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
ব্যাংক অ্যাকাউন্টে সরকারি বিধবা ভাতার টাকা দেখতে গিয়ে চোখ কপালে উঠল হতদরিদ্র এক পরিচারিকার। সামান্য ভাতার বদলে অ্যাকাউন্টে জমা পড়ল এক-দুই কোটি নয়, একবারে ৩৩ কোটিরও বেশি টাকা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুড়িয়া পঞ্চায়েতের আটঘরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালান আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস। সংসার চালানোর অন্যতম ভরসা রাজ্য সরকারের বিধবা ভাতা। গত তিন মাস ধরে সেই টাকা না পেয়ে অর্থসংকটে ভুগছিলেন তিনি। সোমবার পাসবই আপডেট করতেই দেখা যায়, গত ৪ জুলাই বিধবা ভাতা বাবদ প্রথমে ১ কোটি টাকা এবং পরবর্তী এন্ট্রিতে আরও ৩১ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ১৯৭ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে!
“আমার তো সামান্য বিধবা ভাতার প্রাপ্য টাকাটুকু পেলেই চলবে। এই বিপুল টাকা আমার নয়, ব্যাংক তাদের ভুল শুধরে টাকা ফেরত নিয়ে নিক।” — ঝুমা দাস (ভুক্তভোগী)
বিপুল অংকের এই টাকা দেখে আতঙ্কিত হয়ে বোনপোকে নিয়ে ব্যাংকে হাজির হন ঝুমাদেবী। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এটি নেহাতই একটি প্রযুক্তিগত ত্রুটি (Technical Glitch)। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন ব্যাংকের দেওয়া নতুন পাসবইয়ে ১ থেকে ২১ জুলাইয়ের সমস্ত লেনদেনের তথ্য গায়েব পাওয়া যায়।
এর পেছনে বড় কোনো বেআইনি আর্থিক লেনদেনের ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনার সত্যতা উন্মোচনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
