‘আমি চুরি করিনি, ওরা মিথ্যা বলছে’! টাকা চুরির অপবাদে স্কুলে হেনস্থা, আত্মঘাতী ছাত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরু: ফের স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। টাকা চুরির অপবাদ এবং শিক্ষকের হেনস্থার জেরে চরম পথ বেছে নিল কর্নাটকের আনেকাল তালুকের অষ্টম শ্রেণির এক ছাত্রী, মধুশ্রী। বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার নেপথ্যে থাকা একটি সুইসাইড নোটকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবার ও এলাকাবাসী। সেই চিঠিতে মধুশ্রী স্পষ্ট লিখেছে, “স্কুলে আমার ওপর টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। শিক্ষকরা আমাকে নিয়মিত বকাবকি করতেন এবং স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। এই অপমান আমি সহ্য করতে পারছি না।”
মৃতার মায়ের অভিযোগ, স্কুলের শিক্ষকদের মানসিক নিগ্রহেই তাঁর মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুরু হয়েছে তদন্ত।
