‘ঋণ মাথায় নিয়েও ডিএ দেওয়া যায়, দেখালেন শুভেন্দু!’ ২০% বৃদ্ধিতে খুশি ভাস্কর ঘোষ – এবেলা

‘ঋণ মাথায় নিয়েও ডিএ দেওয়া যায়, দেখালেন শুভেন্দু!’ ২০% বৃদ্ধিতে খুশি ভাস্কর ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সোমবার বিধানসভায় রাজ্যের নতুন বাজেটে (West Bengal Budget 2026) সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে আরও অতিরিক্ত ২০ শতাংশ ডিএ (DA Hike) বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে এ রাজ্যে মোট ডিএ-র হার বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশ। সরকারের এই বড় সিদ্ধান্তে খুশির হাওয়া দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া সংগ্রামী যৌথ মঞ্চের শিবিরে।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা, তৃণমূলকে নিশানা

এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধিকে নিজেদের দীর্ঘ লড়াইয়ের বড় স্বীকৃতি হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, “ঋণ মাথায় নিয়েও যে ডিএ বৃদ্ধি করা যায়, তা দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদিচ্ছা থাকলে রাজ্যকে যে সঠিক পথে নিয়ে যাওয়া যায়—এই সরকার তার দিশা দেখাল।” তিনি আরও যোগ করেন, ক্ষমতায় আসার আগে এই দল যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাজেটে তা বাস্তবায়িত করার চেষ্টা করায় তাঁরা খুশি।

বাকি রইল ২০ শতাংশের ফারাক

এক লাফে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি বাংলার সরকারি কর্মচারীদের জন্য বেনজির ঘটনা হলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক কিন্তু পুরোপুরি মিটল না। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র হার ৫৮ শতাংশ। অর্থাৎ, এই ঘোষণার পরেও কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে ২০ শতাংশের এক বিশাল ব্যবধান থেকে গেল।

শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা

ডিএ বৃদ্ধির পাশাপাশি স্থায়ী সরকারি চাকরির জন্য নতুন শূন্যপদ পূরণ ও নিয়োগ নিয়েও বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের আগের রাতেই সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএ-র পাশাপাশি নতুন নিয়োগের দাবি জানিয়েছিল। বাজেটে সেই দুই দাবিই মানা হওয়ায় এখন দেখার, আগামী দিনে রাজ্য সরকারি দফতরগুলিতে কাজের সংস্কৃতি কতটা ফেরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *