এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি! বাড়ল ই-কেওয়াইসি-র ডেডলাইন, জেনে নিন নতুন তারিখ – এবেলা

এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি! বাড়ল ই-কেওয়াইসি-র ডেডলাইন, জেনে নিন নতুন তারিখ – এবেলা

এবেলা ডেস্কঃ

এলপিজি রান্নার গ্যাস গ্রাহকদের জন্য এলো বড় স্বস্তির খবর। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখা এবং ভর্তুকির সুবিধা বহাল রাখার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে e-KYC জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছিল আগামী ১৬ অগস্ট। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন লক্ষ লক্ষ গ্রাহক।

পরপর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস ও পরবর্তী ছুটির দিন এবং কারিগরি সমস্যার কারণে অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি। গ্রাহকদের সেই দুশ্চিন্তা মেটাতে সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতদিন পর্যন্ত করা যাবে ই-কেওয়াইসি?

এলপিজি ডিলার সূত্র এবং তেল বিপণন সংস্থাগুলির প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ অগস্টের নির্ধারিত মেয়াদ বাড়িয়ে আগামী ২৩ অগস্ট পর্যন্ত করা হয়েছে। ছুটির দিনগুলিতে গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করেই এই বাড়তি ৭ দিন সময় দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি নতুন কোনো লিখিত নির্দেশিকা জারি করা হয়নি, তবে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির পক্ষ থেকে বার্তা দিয়ে ডিলারদের এই কথা জানানো হয়েছে। ফলে যাঁদের এখনও গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি করানো বাকি রয়েছে, তাঁরা এই বর্ধিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *