“ও একটা বোঝা, দলটা এবার উঠেই গেল!” সুদীপ ইস্যুতে মমতাকে বেনজির আক্রমণ তাপস রায়ের – এবেলা

“ও একটা বোঝা, দলটা এবার উঠেই গেল!” সুদীপ ইস্যুতে মমতাকে বেনজির আক্রমণ তাপস রায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের তালিকায় এবার বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াতেই পারদ চড়ল বাংলার রাজনীতিতে। আর এই আবহেই সুদীপকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তাঁর একদা সতীর্থ তথা বর্তমান বিজেপি নেতা তাপস রায়। অতীতে সুদীপ-তাপস দ্বৈরথ বহুবার শিরোনামে এসেছে, তবে এবার সুদীপের দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করতেই সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি।

তৃণমূল নেত্রীকে নিশানা করে সরাসরি তোপ দেগে তাপস রায় বলেন, “ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, ও একটা বোঝা, লায়াবিলিটি। আর এই ধরণের বোঝা বইতে তো ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগই তো বোঝা বয়েছেন।”

“বোঝা বইতে গিয়েই দলটা উঠে গেল”

তাপস রায়ের দাবি, এই ধরণের রাজনৈতিক ‘বোঝা’ টানার খামখেয়ালিপনার জেরেই আজ পশ্চিমবঙ্গকে চরম খেসারত দিতে হচ্ছে। এই অভ্যাসের কারণেই আজ তৃণমূল কার্যত উঠে যাওয়ার মুখে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চরম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। সুদীপের রাজনৈতিক গুরুত্বকে সম্পূর্ণ নস্যাৎ করে তিনি সাফ জানান, “ওর কোনও গুরুত্বই নেই। ওকে কোনওদিন আমি গুরুত্ব দিই না। সুতরাং এই বোঝা যার বইবার সে বুঝুক।”

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে চোরা অসন্তোষ এতদিন ছিল, সুদীপের ‘বিদ্রোহী’ শিবিরের দিকে পা বাড়ানোর জল্পনা এবং তাপস রায়ের এই বিস্ফোরক মন্তব্য তাকে নতুন করে উসকে দিল। এখন পুরনো সতীর্থের এই তীব্র আক্রমণের জবাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে কী পাল্টা প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *