কলকাতাকে ফের সাংস্কৃতিক রাজধানী বানানোর চ্যালেঞ্জ! যোগ দিবসে মোদীকে ‘স্বচ্ছতা’ দিয়ে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: শহর কলকাতাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে এক বড়সড় লক্ষ্যের কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পুরসভায় ‘স্বচ্ছ অ্যাপ’ এবং ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে শহরজুড়ে এক মেগা ইভেন্টের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ২১ তারিখ যোগ দিবসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আমরা স্বচ্ছতা দিয়ে আহ্বান জানাব। এবারের বিশ্ব যোগ দিবস কলকাতা পুরসভাতেই উদযাপিত হবে।”
কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, “আগে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটল (সাংস্কৃতিক রাজধানী) ছিল কলকাতা। আমরা আবার কলকাতাকে সেই পুরোনো স্তরে নিয়ে যাব।”
প্রধানমন্ত্রীর আগমন এবং শহরকে নতুন করে সাজিয়ে তোলার এই জোড়া বার্তা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।
