কালনাগিনী নদীতে ব্যতিক্রমী ছবি! পূর্বপুরুষের স্মরণে তর্পণ করলেন মহিলারা – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার পুণ্যপ্রভাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মন্মথপুরে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। সনাতন রীতি মেনে যেখানে সাধারণত পুরুষদেরই তর্পণ করতে দেখা যায়, সেখানে কালনাগিনী নদীর জলে নেমে পিতৃপুরুষের স্মরণে তর্পণ করলেন স্থানীয় মহিলারা। ‘স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ ধর্মীয় আচারে মহিলাদের উপস্থিতি ও পরিচালনায় এক অনন্য পরিবেশ তৈরি হয়। শাস্ত্রীয় বিধান ও বৈদিক নিয়ম মেনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি নারী সুরক্ষা, মর্যাদা এবং সমাজভাবনার এক ইতিবাচক বার্তা তুলে ধরা হয় এই উদ্যোগের মাধ্যমে।
সনাতন শাস্ত্রীয় নিয়ম অনুসারে, বিশেষ কিছু পরিস্থিতিতে মহিলারাও তর্পণ ও শ্রাদ্ধকর্মে অংশ নিতে পারেন। বিশেষত পরিবারে পুত্রসন্তান না থাকলে কন্যাসন্তানের এই ধর্মীয় আচার পালনের পূর্ণ অধিকার রয়েছে। শুভ ভাবনা ও নিষ্ঠার সাথে নারীরা তর্পণ করলে পিতৃঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে শাস্ত্রে উল্লেখ আছে। মন্মথপুরের এই ব্যতিক্রমী ঘটনা ঘিরে স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ধর্মীয় আচারের মধ্য দিয়েই নারী অধিকার ও সামাজিক সম্মানের বার্তা যেভাবে কালনাগিনীর বুকে ফুটে উঠল, তা পুরো এলাকায় এক বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।
