কোটি কোটি টাকা নয়ছয়! ক্যাগ এবং উচ্চশিক্ষা দপ্তরের জোড়া তদন্তের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

রাজ্যের অনুমোদন ছাড়াই কোটি কোটি টাকা নয়ছয় এবং দেদার খরচের গুরুতর অভিযোগে এবার ক্যাগ এবং উচ্চশিক্ষা দপ্তরের জোড়া তদন্তের মুখে পড়েছে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। অনুমোদনহীন নন-টিচিং স্টাফ নিয়োগ থেকে শুরু করে রুসার বরাদ্দ ২০ কোটি টাকার অনিয়মিত ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ খরচের অভিযোগ ওঠার পর রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও তদন্তকারী দল আসার কথা রয়েছে।
বিভিন্ন প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতির এই অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য তদন্তের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তদন্ত কমিটি এলে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তাঁর আমলের কাজের জন্য তিনি দায়বদ্ধ। তবে পরিকাঠামো উন্নয়ন ও ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে শিক্ষক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের এই কড়া পদক্ষেপে বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
