গ্যাসে ভরতুকি পেতে দ্রুত সারুন eKYC! বিভ্রান্তি উড়িয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে বিগত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের সরবরাহে যে পরোক্ষ সংকট তৈরি হয়েছে, তার মাঝেই গ্রাহকদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, রান্নার গ্যাসে ভরতুকি অব্যাহত রাখতে আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি (eKYC) সম্পন্ন করতে হবে।
পরিষেবা নিয়ে বিভ্রান্তি ও কেন্দ্রের স্পস্টীকরণ
কেন্দ্রের এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই গ্রাহকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়ায় যে, ই-কেওয়াইসি না করালে হয়তো গ্যাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে পেট্রোলিয়াম মন্ত্রক বিবৃতি দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র ভরতুকি পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ গ্রাহকদের গ্যাস পরিষেবা এখনই বন্ধ করা হচ্ছে না। বর্তমানে কলকাতায় ১৪ কেজির সিলিন্ডার পিছু সাধারণ গ্রাহকরা ১৯ টাকা ৫৭ পয়সা এবং উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা ৩০০ টাকা ভরতুকি পান। এই ভরতুকির টাকা নিরবচ্ছিন্নভাবে পেতেই ই-কেওয়াইসি জরুরি। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে বছরে অন্তত একবার এই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।
বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব
ইতিমধ্যেই দেশের প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁদের আগে থেকেই এই তথ্য আপডেট করা আছে, তাঁদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই। তবে তেল সংস্থাগুলি গ্যাস ডিলারদের মাধ্যমে বাকি গ্রাহকদের দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং ভরতুকি থেকে বঞ্চিত হবেন। তাই ভবিষ্যতে ভরতুকি-সহ নিরবচ্ছিন্ন গ্যাস পরিষেবা নিশ্চিত করতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা বাঞ্ছনীয়।
