চা বাগানের বড় সিদ্ধান্ত! আলিপুরদুয়ারে হাসপাতাল নিয়ে কাটল জট, স্বপ্নপূরণের পথে জেলাবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ
আলিপুরদুয়ারের চিকিৎসা ব্যবস্থায় এক অভূতপূর্ব বদল আসতে চলেছে। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জেলায় নতুন মেডিক্যাল কলেজ তৈরির পথ অবশেষে সুগম হলো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে দমনপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য ৯০ একর জমি হস্তান্তরিত করেছে ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। ইতিপূর্বে বীরপাড়া ও দমনপুরসহ একাধিক জায়গা পরিদর্শন করা হলেও, যাতায়াত ব্যবস্থা ও জাতীয় সড়কের কাছে হওয়ায় দমনপুরের জমিটিকেই চূড়ান্ত করা হয়েছে। চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র (NOC) মেলায় জমি সংক্রান্ত সমস্ত জট কেটে গিয়েছে। আজ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিধায়ক ওই জমি যৌথভাবে পরিদর্শন করেন। খুব শীঘ্রই এই স্বপ্নের প্রকল্পের নির্মাণকাজ শুরু হতে চলেছে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
এই বড় পদক্ষেপে স্বস্তির শ্বাস ফেলছেন সমগ্র আলিপুরদুয়ারের অধিবাসীরা। এতদিন জরুরি বা আশঙ্কাজনক অবস্থায় রোগীদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নেওয়া হলেও, সেখান থেকে রেফার করা হলে ছুটতে হতো সুদূর শিলিগুড়িতে। দীর্ঘ ও কষ্টকর যাতায়াতের কারণে মাঝপথেই প্রাণ যেত বহু রোগীর। নতুন এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি হলে একদিকে যেমন এলাকার সাধারণ মানুষ নিজ জেলাতেই উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন, অন্যদিকে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরাও পড়াশোনার সুযোগ পাবেন। জেলাজুড়ে এখন এক আনন্দের পরিবেশ।
