জেলেই তৈরি জোড়া খুনের মাস্টারপ্ল্যান: নাকাশিপাড়া হত্যাকাণ্ডে গা ঢাকা সীমান্ত পারের মূল শ্যুটারের! – এবেলা

জেলেই তৈরি জোড়া খুনের মাস্টারপ্ল্যান: নাকাশিপাড়া হত্যাকাণ্ডে গা ঢাকা সীমান্ত পারের মূল শ্যুটারের! – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা পশ্চিম মেদিনীপুর থেকে অভিযুক্ত জুব্বার সেখের দুই ছেলের ব্যবহৃত একটি স্করপিও গাড়ি উদ্ধার করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর পুলিশের ধারণা—১৫ আগস্ট রাতে হত্যাকাণ্ডের পর গাড়িটি মেদিনীপুরে ফেলে রেখে ট্রেনে চেপে চম্পট দেয় অভিযুক্তরা। খুনের প্রায় দুই ঘণ্টা আগেই তাঁদের মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছিল।

একই সময় থেকে নিখোঁজ ছিলেন হরনগর পঞ্চায়েত প্রধান ফতেমা বিবির ঘনিষ্ঠ এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীও। তাঁর শেষ মোবাইল লোকেশন পাওয়া গেছে চাপড়া থানার হাটখোলা সীমান্ত এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ১২ বোর ও ৭ এমএম পিস্তলের কার্তুজের খোল খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত যে, অভিযুক্ত নিরাপত্তারক্ষী ও ইতিমধ্যে গ্রেফতার হওয়া মহুরি সাহেব সেখের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রই এই খুনে ব্যবহার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তৎকালীন সিপিএম আমল থেকেই আনিসুরের সঙ্গে জুব্বারের পুরনো শত্রুতা ছিল। সম্প্রতি এলাকায় নিজেদের আধিপত্য ফেরাতে জেলে বসেই জুব্বার এই জোড়া খুনের ছক কষে এবং ফতেমা বাহিনীর মাধ্যমে তা বাস্তবায়ন করে। কৃষ্ণনগর পুলিশ জেলার জেলা পুলিশ প্রধান অতুল ভি জানিয়েছেন, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *