টানা দুর্যোগের কবলে বাংলা, ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত! – এবেলা

এবেলা ডেস্কঃ
সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় রাজ্যজুড়ে তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার পর্যন্ত উত্তরের আটটি জেলাতেই আবহাওয়া দফতরের এই সতর্কতা বহাল থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির এই প্রবল প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
