“তাত্ক্ষণিকভাবে পাঠান ৪৫ হাজার টাকা!” মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে চরম প্রতারণার চেষ্টা – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমান: রাজ্যে আবারও সাইবার হানার শিকার এক মন্ত্রী। এবার রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল। হ্যাকাররা মন্ত্রীর নম্বর ব্যবহার করে পরিচিতদের কাছে ৪৫ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করে মেসেজ পাঠাচ্ছে।
ঘটনাটি প্রথম জানাজানি হয় যখন বিজেপি নেতা অনুপম ঘোষের কাছে মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে হঠাৎ ৪৫ হাজার টাকা চাওয়ার মেসেজ আসে। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। ক্ষুদিরাম টুডু স্পষ্ট করেন যে তিনি এরকম কোনো বার্তা পাঠাননি। এরপর আরও অনেকেই ফোন করে জানান, তাঁদের কাছে ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী।
অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কাদের কাছে এই ধরনের মেসেজ পাঠানো হয়েছে এবং কোন কোন অ্যাকাউন্টে টাকা চাওয়া হয়েছে, তার সমস্ত তথ্য সংগৃহীত হচ্ছে। পুলিশ আপাতত মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করতে এবং অপরাধীদের চিহ্নিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য সরকারের আরেক মন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে একইভাবে টাকা চাওয়ার ঘটনা ঘটেছিল। বাঁকুড়ার বাগডুবির সন্তান এবং ২০১৬ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত শিক্ষক ক্ষুদিরাম টুডু ২০২৬ সালে রানিবাঁধ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক ও পরবর্তীতে মন্ত্রী হন। পর পর দুই মন্ত্রীর অ্যাকাউন্টে এই ধরনের সাইবার হানায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে।
