দুর্গাপুজোয় বুকস্টল বসাতে বাধা বামেদের! শেষমেশ আদালত দিল কোন পরামর্শ? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোয় নৈহাটি ও বনগাঁয় বুকস্টল বসানোর পুলিশি অনুমতি না মেলায় জরুরি শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বামেরা। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রতি বছর পুজোর সময় এই ধরনের স্টল বসানোর সপক্ষে উপযুক্ত নথি না থাকায় দুর্গাপুজোর আগে এই মামলার শুনানি সম্ভব নয় বলে স্পষ্ট জানায় আদালত। মামলাকারী আইনজীবী শামিম আহমেদ প্রতিবছর স্টল বসানোর যুক্তি দিলে বিচারপতি তাঁকে পরামর্শ দেন, “কালীপুজোর আগে করুন।”
আদালত সময় না দিতে পারলে অন্য বেঞ্চে যাওয়ার জন্য মামলাটি সরিয়ে নেওয়ার আবেদন জানান বামেদের আইনজীবী। এই প্রেক্ষিতে আদালত জানায়, আগামী ১৩ অক্টোবর আবেদনটি বিবেচনার সময় অন্য বেঞ্চে মামলা স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, দুর্গাপুজোয় বামেদের বইয়ের স্টল দেওয়া নিয়ে সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনও তৈরি হয়েছিল। সব মিলিয়ে পুজোর মুখে নৈহাটি ও বনগাঁয় বুকস্টল বসানো নিয়ে আইনি জট কাটল না, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
