নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল সেনা! ল্যান্ডমাইন বিস্ফোরণে খতম লস্কর কমান্ডার সহ ৪ জঙ্গি – এবেলা

এবেলা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই-তইবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গি নিহত হয়েছে। নিহত লস্কর কমান্ডারের নাম মহম্মদ ফৈজান এবং বাকি তিন জঙ্গি ওয়াকাস, ইশতিয়াক ও আসিম বলে জানা গিয়েছে। নাঙ্গি টেকরির কাছে সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে এবং নজরদারি আরও জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।
এদিকে, পুঞ্চের মেন্ধর সেক্টরের বাসোনি ও কৃষ্ণা ঘাঁটির বিভিন্ন সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু পুরোনো ল্যান্ডমাইন উদ্ধার করেছে সেনা। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলির একাংশ নিষ্ক্রিয় করেছেন। গত এক সপ্তাহে ওই অঞ্চল থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে গোটা নিয়ন্ত্রণরেখা জুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
