নিয়ম ভঙ্গের শাস্তি, সাসপেন্ড কলকাতা পুলিশের দুই ডিসি! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পুলিশকে কাজের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি, কোনো পুলিশ আধিকারিক অন্যায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নীতি মেনেই এবার নিয়ম ভঙ্গের দায়ে কলকাতা পুলিশের দুই ডিসি পদমর্যাদার আধিকারিককে সাসপেন্ড করা হলো। শুক্রবার সাসপেন্ড হওয়া দুই আধিকারিক হলেন ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহা।
কেন এই সাসপেনশন? সূত্রের খবর, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে তাঁর বিরুদ্ধে অশালীন ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি তখন সেভাবে নজরে না এলেও, সম্প্রতি ওই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো নতুন করে সামনে আসায় বিতর্ক দানা বাঁধে। লালবাজারের মতে, পুলিশ প্রশাসনের সদস্য হিসেবে এই ধরনের মন্তব্য করা আচরণবিধি লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের সামিল।
মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই কলকাতা পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছিলেন। তিনি পুলিশকে স্পষ্ট জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তারা যেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় না থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। একইসঙ্গে তিনি সতর্ক করেছিলেন, আইন রক্ষাকারী বাহিনীই যদি নিয়ম ভাঙে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই ডিসি-র এই সাসপেনশন সেই কঠোর বার্তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
