পাকিস্তানে নজিরবিহীন তোলপাড়: ইমরানের দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ঢল, অবরুদ্ধ রাজপথে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গ্রেপ্তার ২০০০! – এবেলা

এবেলা ডেস্কঃ
তোষাখানা ও আল কাদির ট্রাস্টসহ একাধিক মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা এবার সাবেক এই রাষ্ট্রপ্রধানের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন। খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু হওয়া ২৭৫ কিলোমিটারের এই ‘ইসলামাবাদ লং মার্চ’-এ যোগ দিয়েছেন হাজার হাজার উত্তেজিত জনতা। তবে শাহবাজ শরিফ সরকার ও সেনা প্রধান আসিম মুনিরের কড়া নির্দেশে আন্দোলন রুখতে মরিয়া প্রশাসন; তারা রাজধানী অভিমুখে কন্টেনার বসিয়ে মূল সড়কগুলো অবরুদ্ধ করার পাশাপাশি দফায় দফায় লাঠিচার্জ চালিয়েছে। পিটিআই-এর দাবি অনুযায়ী, ইতোমধ্যে পাঞ্জাবসহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে অন্তত ২০০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশি দমনপীড়ন সত্ত্বেও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা, ফলে ফ্রন্টিয়ার ফোর্সের সাথে তাদের তুমুল ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধেছে। দেশে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব এবং রাজনৈতিক অস্থিরতায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ এখন বর্তমান শাহবাজ সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিচ্ছেন। আন্দোলনকারীদের সাফ বার্তা—যতোই লাঠিচার্জ বা গ্রেপ্তার করা হোক না কেন, জীবনের পরোয়া না করে তারা রাজধানী ইসলামাবাদ দখল করবেনই। সেপ্টেম্বর থেকে ইমরানের বোনদের হেফাজতে রাখা এবং ইমরানের স্ত্রী বুশরা বিবির কারাবাসের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে, ইমরানের মুক্তির দাবিতে পিটিআই-এর এই মার্চ পাকিস্তানের রাজনীতিতে নতুন এক বিশাল গণঅভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে।
