পাক গুপ্তচর চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল্লি থেকে গ্রেপ্তার এক তথ্যপ্রযুক্তি কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের গুপ্তচরদের হয়ে কাজ করার অভিযোগে দিল্লি থেকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের রাজ্য গোয়েন্দা সংস্থা (এসটিএফ)। ধৃত যুবকের নাম প্রদীপ্ত বসু, যার আসল বাড়ি শিলিগুড়িতে। তদন্তকারীদের মতে, তিনি বিদেশি মুদ্রা লেনদেন, হাওয়ালা নেটওয়ার্ক, জালনোট পাচার এবং বাংলাদেশ হয়ে পাকিস্তানে ভারতীয় সিম কার্ড পাচারের মতো মারাত্মক আন্তর্জাতিক অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এর আগে হাবড়া ও তোপসিয়া থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়া রানা রউফ সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেই এই যুবকের সন্ধান পান গোয়েন্দারা। ধৃতকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই আন্তঃদেশীয় চক্রের জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে এসটিএফ তাদের তদন্ত আরও জোরদার করেছে। একই মামলায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ফজলে রাব্বি সিদ্দিকি নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রের খবর, কোচবিহার থেকে ইতিপূর্বে ধৃত অপরাধীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখত এই সিদ্দিকি। গোয়েন্দাদের দাবি, পাসপোর্ট জালিয়াতি, ভুয়ো পরিচয়পত্র তৈরি এবং সীমান্ত পারাপারের মাধ্যমে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় ছিল। দেশের সুরক্ষার স্বার্থে এই চক্রের মূলে পৌঁছাতে এবং বাকি অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ধৃতদের প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এসটিএফের আধিকারিকেরা।
