পুরোনো খুনের প্রতিশোধ নাকি অন্য কিছু, সোনারপুরে প্রকাশ্যে অস্ত্রের হামলা চালিয়ে গণপিটুনিতে প্রাণ হারাল দুষ্কৃতী! – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাটের আম্বেদকরনগরে এক যুবকের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল হালদার। বৃহস্পতিবার দুপুরে সশস্ত্র আরও দু’জন সহযোগীকে নিয়ে গোপাল স্থানীয় একটি বাড়িতে হামলা চালায়। পরিবারের লোকজনের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এলে গোপালের সঙ্গীরা চম্পট দিলেও, স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় সে। এরপরেই ক্রুদ্ধ জনতার বেধড়ক মারধরে মারাত্মক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গোপাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ইতিমধ্যেই গোপালের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্য কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়েছিল, সেই বাড়ির মালিকের ছেলেকে কয়েক বছর আগে গুলি করে হত্যা করা হয়। গোপাল ওই পুরানো হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিল এবং সোনারপুর থানার পুলিশ তাকে ইতিপূর্বে গ্রেফতারও করেছিল। পুরানো শত্রুতার জেরেই আবার নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল নাকি এর পেছনে গভীরতর কোনো ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
