ফ্রিজের ঠান্ডা ভাত সরাসরি খাওয়া কি নিরাপদ, সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এবেলা

এবেলা ডেস্কঃ
রান্না করা বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে পরে খাওয়া আমাদের অনেকেরই চেনা অভ্যাস। বিশেষ করে সকালের ব্যস্ততায় সময় বাঁচাতে অনেকেই আগের রাতে বেশি করে ভাত রেডি করে ফ্রিজে রেখে দেন। তবে ফ্রিজ থেকে বের করে সরাসরি বা ভুল নিয়মে এই ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে জরুরি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভাতে ব্যাকটেরিয়ার ঝুঁকি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা
ক্যানসার বিশেষজ্ঞ ডঃ জয়েশ শর্মার মতে, ভাত নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে ফ্রিজে রাখা একটি ভালো অভ্যাস হলেও এর ফলে ভাতের গঠন কাঠামোতে কিছু পরিবর্তন আসে। ভাতে প্রাকৃতিকভাবে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের এক ধরনের ব্যাকটেরিয়ার স্পোর থাকে, যা ভাত রান্না করার পরেও বেঁচে থাকতে পারে। রান্না করা ভাত যদি দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা হয়, তবে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে মারাত্মক ফুড পয়েজনিং বা পেটের অসুখ তৈরি করতে পারে। ফ্রিজে রাখার ফলে এই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রক্রিয়াটি ধীর হয়ে যায়।
সুস্থ থাকতে মানতে হবে ৪টি নিয়ম
ফ্রিজে রাখা ভাত খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা মূলত চারটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। প্রথমত, রান্না করা ভাত কোনোভাবেই দুই ঘণ্টার বেশি সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা যাবে না, দ্রুত ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, ফ্রিজের তাপমাত্রা অবশ্যই ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে যাতে ভাত সুরক্ষিত থাকে।
তৃতীয়ত, ফ্রিজ থেকে বের করা ভাত বারবার গরম করা যাবে না, কেবল একবারই গরম করা উচিত। তাই ফ্রিজে বেশি ভাত থাকলে খাওয়ার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, প্রতিবার কেবল ততটুকুই বের করে গরম করা বুদ্ধিমানের কাজ হবে। চতুর্থত, ফ্রিজের ভাত সরাসরি না খেয়ে খাওয়ার আগে ফুটন্ত গরম জলে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
