বাথরুমেই শারীরিক সম্পর্ক? ‘বিগ বস’-এর অন্দরের হাঁড়ির খবর ফাঁস করলেন দিব্যা – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বই: ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারি, বিতর্ক, ঝগড়া আর পরতে পরতে রহস্য— জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ সবসময়ই তুঙ্গে থাকে। ক্যামেরার আড়ালে প্রতিযোগীদের জীবনে ঠিক কী ঘটে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল মেটাতেই বিগ বস হাউজের ভেতরের একাধিক গোপন তথ্য ফাঁস করলেন ‘বিগ বস ওটিটি’ (Bigg Boss OTT) প্রথম সিজনের বিজয়ী দিব্যা আগরওয়াল।
সম্প্রতি একটি পডকাস্টে এসে দিব্যা শো-এর অন্দরের খাবার, সিগারেট, মদ এবং প্রতিযোগীদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে চাঞ্চল্যকর সব দাবি করেছেন।
কফি-কেচাপ যেন বিলাসিতা, তবে সিগারেট মেলে দেদার!
দিব্যা জানান, বিগ বস হাউজে রেশনের কড়াকড়ি এতটাই যে, সামান্য টমেটো কেচাপ বা কফি পাওয়াটাও সেখানে বিলাসের সমান। কেচাপ না পেয়ে তিনি নিজেই অন্য উপায় তা বানিয়ে নিতেন। তবে আশ্চর্যের বিষয় হলো, খাবারের ক্ষেত্রে এত কড়াকড়ি থাকলেও সিগারেটের ক্ষেত্রে নির্মাতারা বেশ উদার। প্রতিযোগীদের কাছে সকালে জানতে চাওয়া হয় তাঁরা কোন ব্র্যান্ডের সিগারেট চান এবং সেই অনুযায়ী তা পৌঁছে দেওয়া হয়।
উইকেন্ড পার্টিতে কি মদ দেওয়া হয়?
শো শেষ হওয়ার পর দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, ‘উইকেন্ড কা ভার’ বা হাউজের ভেতরের পার্টিগুলোতে প্রতিযোগীদের মদ দেওয়া হয় কি না? দিব্যা এই জল্পনায় জল ঢেলে স্পষ্ট জানান, এটি সম্পূর্ণ গুজব। বিগ বস হাউজের ভেতরে কাউকেই কোনও অ্যালকোহল বা মদ দেওয়া হয় না।
বাথরুমের ভেতরেই কি ঘনিষ্ঠ হন প্রতিযোগীরা?
পডকাস্টে প্রতিযোগীদের শারীরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে দিব্যা হেসে সম্মতি জানান। তিনি ইঙ্গিত দেন যে, ক্যামেরায় সবকিছু ধরা না পড়লেও ভেতরে অনেক কিছুই ঘটে। সঞ্চালক যখন যোগ করে বলেন যে, “যা ঘটে তা শুধু বাথরুমেই”, তখন দিব্যা হাসিমুখে বলেন যে শো থেকে বেরোনোর পর দর্শকরা তাঁকে এই ধরনের অদ্ভুত প্রশ্নই সবচেয়ে বেশি করেন।
দিব্যার এই খোলামেলা আড্ডায় বিগ বস হাউজ নিয়ে দর্শকদের মনে জমে থাকা অনেক ভুল ধারণাই ভেঙেছে, আবার নতুন করে উসকে উঠেছে অনেক বিতর্কও!
