‘বিরোধীদের মুখ বন্ধ!’ প্রথম বাজেটেই কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু, ঘোষণা ১ লক্ষ চাকরির – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্য বিধানসভায় পেশ হলো নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট। আর প্রথম পদক্ষেপেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত! সোমবার বিধানসভায় পেশ হওয়া ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে সরকারি কর্মচারী থেকে মহিলা, এবং বেকার যুবক-যুবতীদের জন্য উপচে পড়ল কল্পতরু রাজ্য সরকারের উপহার।
‘বিরোধীদের বলার আর কিছুই নেই’ বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের তীব্র কটাক্ষ করে বলেন, “এই বাজেটের পর বিরোধীদের আর কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা হবে, আমাদের কাজের গতি তত বাড়বে।” পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, “আগের জনকে ৩৪ বছর সময় দিয়েছেন, তারা শুধু চিরকুটে নিজেদের লোককে চাকরি দিয়েছে আর কারখানায় তালা লাগিয়েছে। আর শেষের জন ১৫ বছর ধরে সাদা খাতায় চাকরি বিক্রি করেছে। আমাকে শুধু কয়েকটা মাস সময় দিন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই বাজেটে পাহাড়ও হাসছে, তরাই-ডুয়ার্স থেকে সুন্দরবনকেও বাঁচানোর কথা রয়েছে।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, যদি কোনও ফাঁকফোকর থেকেও থাকে, তা ২০২৭-এর ফেব্রুয়ারির পরবর্তী বাজেটে মিটিয়ে দেওয়া হবে।
একনজরে বাজেটের সেরা চমক: কর্মসংস্থানকে মূল লক্ষ্য রেখে এই বাজেটে ‘ত্রিশক্তি’ বা ‘ত্রিফলা’ মডেলে জোর দিয়েছে রাজ্য সরকার।
- বিপুল নিয়োগ: চলতি বছরেই রাজ্যে সরকারি ক্ষেত্রে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ হবে। এর মধ্যে ৫০% নিয়োগ হবে শিক্ষাক্ষেত্রে। বাকি পদগুলিতে পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল ও বনকর্মীদের নিয়োগ করা হবে।
- জট মুক্তি: ওবিসি জটে আটকে থাকা ১৬,০০০ কনস্টেবল পুজোর আগেই কাজে যোগ দেবেন। দুর্নীতি রুখতে আগামী দিনে নিয়োগ হবে UPSC-র আদলে।
- বেতন ও ভাতা বৃদ্ধি: সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) প্রদানের পাশাপাশি প্যারাটিচার ও আশাকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা।
- শিল্প ও শিক্ষা পরিকাঠামো: উত্তরবঙ্গে IIT এবং AIIMS তৈরির রূপরেখা।
- স্বনির্ভরতায় জোর: শিক্ষিত বেকার যুবক-যুবতীরা নিজ উদ্যোগে ব্যবসা করতে চাইলে কেন্দ্রের প্রকল্প অনুযায়ী ভর্তুকি মিলবে।
- নতুন ছুটি: বাজেটে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির কথা ঘোষণা করা হয়েছে।
