ব্যাঙ্কশালে আইনজীবীদের ওপর হামলা! ওসিকে হাজিরার নির্দেশ, লাগাতার কর্মবিরতির হুংকার

ব্যাঙ্কশাল আদালতে আইনজীবী নিগ্রহের ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সব অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় লাগাতার কর্মবিরতিতে অনড় রয়েছে আইনজীবী সংগঠন। গত বৃহস্পতিবার আদালতে এক ইউটিউবারকে হাজির করার সময় চরম উত্তেজনা ছড়ায়। সেই সময় বিক্ষোভকারীরা ওই অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি প্রতিবাদী আইনজীবীদের ওপর চড়াও হয়ে হামলা চালায় বলে গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনায় এজরা স্ট্রিটের রামন কুমার নামের এক বিক্ষোভকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ আইনজীবীরা।
শুক্রবার কড়া পুলিশি প্রহরায় ধৃতকে আদালতে তোলা হলে বিচারক বিশাখা চৌধুরী তাঁকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানার ওসিকে শনিবার সশরীরে আদালতে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন আদালত চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী ও গার্ডরেল মোতায়েন করা হয়। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানানো হলেও আসামিপক্ষ থেকে কোনো আইনজীবী সওয়ালে অংশ নেননি।
