মুখ্যমন্ত্রীর ধমকের পরেই অ্যাকশন! গভীর রাতে আরজি কর-সহ ৫ হাসপাতালে স্বাস্থ্য সচিবের ‘সারপ্রাইজ ভিজিট’ – এবেলা

মুখ্যমন্ত্রীর ধমকের পরেই অ্যাকশন! গভীর রাতে আরজি কর-সহ ৫ হাসপাতালে স্বাস্থ্য সচিবের ‘সারপ্রাইজ ভিজিট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এসএসকেএম হাসপাতালের বৈঠকে কড়া বার্তার পরেই নজিরবিহীন তৎপরতা দেখা গেল রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। সেই আবহেই শনিবার গভীর রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ আরজি কর হাসপাতালে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাপরিষেবা খতিয়ে দেখেন। উল্লেখযোগ্যভাবে, শনিবারই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতাল পরিদর্শন করে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য সচিবের এই আকস্মিক সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

স্বাস্থ্য সচিবের এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায়, এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়, অতিরিক্ত সুপার-সহ একাধিক চিকিৎসক এবং হাসপাতালের শীর্ষ আধিকারিকরা। মূলত হাসপাতালের পরিষেবা স্বাভাবিকভাবে চলছে কি না এবং রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতেই তিনি বিভিন্ন বিভাগে যান। প্রথমে জরুরি বিভাগ এবং ট্রমা কেয়ার ইউনিট পরিদর্শন করে এরপর প্রসূতি বিভাগ, শিশু বিভাগ-সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য সচিব।

পরিদর্শনের কারণ ও সামগ্রিক তৎপরতা

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু পরিষেবার মানই নয়, হাসপাতালের দালালচক্রের সক্রিয়তা এবং চিকিৎসকদের সময়মতো উপস্থিতির বিষয়টিও এই সফরে খতিয়ে দেখা হয়েছে। শনিবার শুধু আরজি কর-ই নয়, রাজ্যের পাঁচটি বড় সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্য সচিব। এই তালিকায় ছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতাল-সহ রাজ্যের আরও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা কেন্দ্র। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে বিভিন্ন হাসপাতালকে নতুন অ্যাম্বুল্যান্সও তুলে দেওয়া হয়েছে, যার সূচনা করেন স্বাস্থ্য সচিব নিজেই। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা উন্নত করতে এবং দালাল চক্রের রমরমা বন্ধ করতেই এই ধারাবাহিক ও আচমকা পরিদর্শন চালানো হচ্ছে।

সাংসদের সফর ও তদন্তে গাফিলতির অভিযোগ

স্বাস্থ্য সচিবের এই পরিদর্শনের ঠিক আগেই আরজি কর হাসপাতালে আচমকা পরিদর্শনে যান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিরাপত্তার দিকটি খুঁটিনাটি দেখার পাশাপাশি তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ের একটি তালাবন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে সিবিআই তদন্তের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন।

বিজেপি সাংসদের দাবি, অভয়ার মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল, এই তালাবন্ধ ঘরটি দিয়েই সেখানে যাওয়া যায়। কিন্তু সিবিআইয়ের তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সীমা পাহুজা এই ঘরটি তদন্তের আওতায় আনেননি। পাশাপশি তিনি অভিযোগ করেন, অভয়ার মৃত্যুর রাতে একটি সিঁড়ি দিয়ে মৃতদেহ নামানোর ভিডিও তুলেছিলেন একজন নার্স। সিবিআইয়ের ওই কর্মকর্তা নার্সকে ভয় দেখিয়ে নিজের মোবাইল থেকে মূল ভিডিওটি মুছে দিতে বাধ্য করেন এবং সেই কপিটি নেওয়ার পর ভিডিওটি আর সর্বসমক্ষে আসেনি। এই ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট ওই সিবিআই অফিসারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *